চট্টগ্রাম আদালতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থি আইনজীবীরা প্রকাশ্যে মহড়া দিয়েছেন। এ সময় তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ভোট চোর’ আখ্যা দিয়ে ঘণ্টাখানেক মিছিলও করেন। এ সময় আদালতে পুলিশ থাকলেও তাদের কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।
বুধবার দুপুরে আদালত প্রাঙ্গণে ওই মিছিল ও মহড়া দেন তারা। দুবছর আগে গণহত্যা চালানো একটি দলের হয়ে এভাবে প্রকাশ্যে মিছিল ও মহড়াকে উদ্বেগজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা আদালত চত্বরে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন। এ ঘটনার বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, এ সময় তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন এবং আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন প্রচার চালান। কিন্তু একটু দূরে পুলিশ থাকলেও তাদের এ ব্যাপারে নিষ্ক্রিয়ই দেখা যায়।
উপস্থিত আইনজীবীরা জানান, দুবছর আগে জুলাই-আগস্টে গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ সরকার। সে দলটি এখন কীভাবে প্রকাশ্যে মিছিল ও মহড়া দেয়! এ সময় প্রশাসনের নীরব ভূমিকার প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন তারা।
তবে মহড়া ও মিছিলের বিষয়টি জানতেন না বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন। তিনি বলেন, আমাদের কাছে এ ব্যাপারে কোনো তথ্য ছিল না। আমরা খবর নিয়ে অবশ্যই ব্যবস্থা নেব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

