পরিবারের অনুভূতিটা অন্য রকম

৯ বছর বয়সী দুই ভাই এক সঙ্গে হলেন হাফেজ

৯ বছর বয়সী দুই ভাই এক সঙ্গে হলেন হাফেজ
ছবি: আমার দেশ

হোসাইন মো. তাওসিফ রেজা ও আবরার জামিল-দুজনের বয়স প্রায় একই। একজনের বয়স ৯ বছর ৮ মাস ও আরেক জনের বয়স ৯ বছর দুই মাস। ছয় মাসের বড়-ছোট এই দুই শিশু একই পরিবারে বেড়ে উঠেছে। পরিবারের সিদ্ধান্তে দুজনই পবিত্র কোরআনের হাফেজ হওয়ার নিয়ত নিয়ে ভর্তি হয়েছিল চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের এডুকেশন গার্ডেন অ্যান্ড হিফজ মাদ্রাসায়। দুই বছরের কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ে তারা একই দিনে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। শনিবার সংবর্ধনার মাধ্যমে তাদের এই অর্জনকে স্মরণীয় করে রাখে প্রতিষ্ঠানটি।

শুধু হোসাইন তাওসিফ রেজা ও আবরার জামিল নয়, একই প্রতিষ্ঠানের আরও দুই শিক্ষার্থী একই দিনে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। তারা হলো ইরফানুল ইসলাম শিহাব ও তাওসিফুল ইসলাম আদিল। চার শিক্ষার্থীই একই দিনে কোরআনের হিফজ সম্পন্ন করে।

বিজ্ঞাপন

শনিবার সকালে এডুকেশন গার্ডেন অ্যান্ড হিফজ মাদ্রাসা প্রাঙ্গণে কোরআনের হাফেজদের সংবর্ধনা ও নতুন শিক্ষার্থীদের সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রধান পরিচালক রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন পটিয়া বাইতুশ শরফ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা সরওয়ার হোসেন রাশেদী এবং বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী রফিকুল ইসলাম। এ ছাড়া মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কোরআনে হাফেজ শেষ করা চার শিক্ষার্থীদের পাকড়ি ও ক্রেস্ট প্রদান করা হয়।

কোরআনের হাফেজ হোসাইন মো. তাওসিফ রেজার বাবা নুরুল আলম রুবেল জানান, সন্তানকে কোরআনের হাফেজ হিসেবে গড়ে তোলার ইচ্ছা ছিল। সেই লক্ষ্যেই তাকে এডুকেশন গার্ডেন অ্যান্ড হিফজ মাদ্রাসায় ভর্তি করান। দুই বছরের কঠোর পরিশ্রমে সে কোরআনের হিফজ সম্পন্ন করেছে। এ জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। শুধু কোরআন মুখস্থ করানো নয়, এই মাদ্রাসায় আরবি, বাংলা ও ইংরেজি ভাষায় কোরআনের অনুবাদও শেখানো হয়। আবরার জামিল তাঁর ভাইপো। সে ও তাঁর ছেলে একই সঙ্গে বড় হয়েছে এবং একই সময়ে হিফজ মাদ্রাসায় ভর্তি হয়েছে। একই দিনে হাফেজ হয়েছে। তাই অনুভূতিটা অন্য রকম।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...