আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনায় ভাঙচুর

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

দাউদকান্দিতে চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন স্থাপনায় ভাঙচুর

কুমিল্লার দাউদকান্দি উপজেলার চন্দ্রশেখরদী গ্রামে ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় নির্মাণাধীন একটি স্থাপনায় হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

থানায় অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিটেশ্বর ইউনিয়নের চন্দ্রশেখরদী গ্রামের হাজী আলী আহমেদের বাড়িতে তার ছেলে এ কে এম জুলফিকার আলী একটি স্থাপনা নির্মাণকাজ চালিয়ে আসছিলেন।

বিজ্ঞাপন

বুধবার (০৪ ফেব্রুয়ারি) ভোর ৬টায় উপজেলার চন্দ্রশেখরদী গ্রামের হাজী আলী আহমেদের বাড়িতে স্থানীয় ও বহিরাগত সহ একদল সন্ত্রাসী শহীদ, আকবর, শাহাদাত ও বাদলের নেতৃত্বে বাড়িতে গিয়ে জুলফিকার আলী ও তার স্ত্রী ডাক্তার তাহমিনা জাহাঙ্গীরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা বাড়িতে হামলা চালায় বলে অভিযোগে জানা গেছে। এ সময় তাদের আত্মীয়-স্বজনের কয়েকটি কক্ষে ভাঙচুর ও লুটপাট চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়। পাশাপাশি নির্মাণকাজে ব্যবহৃত রড, সিমেন্ট ও ইটও নিয়ে যায় এবং নির্মাণাধীন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়।

ভুক্তভোগী এ কে এম জুলফিকার আলী জানান, ঘটনার পর বুধবার সকালে দাউদকান্দি মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে ও আরো অজ্ঞাত ৩০/৪০ জনের নামে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আব্দুল হালিম বলেন, ভুক্তভোগীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...