কক্সবাজারের রামুতে পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি মিনি পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে রামু থানার অভিযানে এ গ্রেপ্তারের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রামু থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই নিক্সন চৌধুরীর নেতৃত্বে একটি দল কাউয়ারখোপ ইউনিয়নের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে অস্থায়ী চেকপোস্ট বসায়। এ সময় পুলিশের থামার সংকেত অমান্য করে একটি মিনি পিকআপ দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে ধাওয়া করে ফতেখারকুল ইউনিয়নের হাজারীকুল এলাকায় রামু-মরিচ্যা সড়কে পিকআপটি আটক করা হয়। তল্লাশি চালিয়ে চালকের আসনের পাশে স্টিয়ারিংয়ের নিচে ব্রেকের পাদানির নিচ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পিকআপের চালক মো. সোহেল (২৭)-কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার বাসিন্দা বলে জানা যায়।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূইয়া জানিয়েছেন, উদ্ধারকৃত অস্ত্র, গুলি, মিনি পিকআপ ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

