কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

চট্টগ্রাম ব্যুরো

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে নোঙর করে রাখা ‘এফভি দেশ ফিশিং’ নামে একটি মাছ ধরার জাহাজে ইঞ্জিন রুমে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজে কর্মরত ছয়জন নাবিক ও প্রকৌশলী গুরুতর দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরের দিকে সদরঘাট থানাধীন সাম্পানঘাট এলাকার মুরিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

দগ্ধরা হলেন, জাহাজের ইঞ্জিন কক্ষে কর্মরত ক্যাডেট ইঞ্জিনিয়ার আশিকুজ্জামান তামিম, গ্রিজার রুবেল, ডেকে দায়িত্বরত শাহ আলম, উইঞ্চ অপারেটর নিজাম উদ্দিন, ডুবুরি রাসেল এবং নাবিক ছিদ্দিক আহমেদ।

নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সমুদ্র থেকে মাছ আহরণ শেষে জাহাজটি কর্ণফুলী নদীর সাম্পানঘাট এলাকায় এসে নোঙর করে। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে জাহাজটির ইঞ্জিন রুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই আশপাশে থাকা অন্য জাহাজের নাবিক ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

সদরঘাট নৌ পুলিশ থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে জাহাজটির ইঞ্জিন রুমে বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে সেখানে ডিউটিরত ছয়জন দগ্ধ হন। খবর পেয়ে দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।"

এদিকে এই দুর্ঘটনার পর মঙ্গলবার বিকেলে এফভি ‘দেশ ফিশিং’ জাহাজের ক্যাপ্টেন জুবায়ের মাহমুদ বাদী হয়ে সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। ইঞ্জিন রুমে বিস্ফোরণের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন