চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আট শ্রমিক আহত হয়েছেন৷ গুরুতর আহতদের উদ্ধার করে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে৷
মঙ্গলবার দুপুর পৌনে ২টায় উপজেলার বারআউলিয়া এলাকার জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, জিরি সুবেদার শিপ ইয়ার্ডে প্রতিদিনের মতো জাহাজ কাটছিলেন শ্রমিকরা। হঠাৎ আগুনের ফুলকি পড়ল তেলের ট্যাংকে। মুহূর্তেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। শ্রমিকদের চিৎকারে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে কর্মক্ষেত্রের স্বাভাবিকতা নষ্ট হয়। এদিক-ওদিক ছুটতে থাকে শ্রমিকরা৷ তবে ঘটনাটি কাউকেই জানাতে চাননি মালিক পক্ষ। পরে বিভিন্ন মাধ্যমে প্রশাসন খবর পায়৷
এতে আটজন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন৷ আহতদের মধ্যে রয়েছেন -দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তার শেখ, সহিদুর রহমান, মো. ফারুক, দুলাল হোসেন ও হানিফ আলী।
শিল্প পুলিশের সীতাকুণ্ড জোনের পরিদর্শক নাহিদ হাসান মৃধা জানান, ইয়ার্ডে কাটিংয়ের কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে আগুনের ফুলকি দাহ্য পদার্থের ট্যাঙ্কে পড়লে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে সেখানে কোন বিস্ফোরণের ঘটনা ঘটেনি। আহতদের মধ্যে দুজনের শরীরের বিভিন্ন অংশে বিশ শতাংশের মতো পুড়েছে। বাকি ছয় জনের অবস্থা নরমাল (স্বাভাবিক)।
তিনি আরও জানান, আমরা অগ্নিকাণ্ডের আড়াই ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছি। আহতদের কাউকে দেখতে পাইনি আমরা। শুনেছি আহতদদের চট্টগ্রাম নগরীর একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে কোন মামলা এখনও হয়নি।
জিরি সুবেদার শিপ রিসাইক্লিং ইয়ার্ডের মালিক অংশীদার মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

