আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁদা না পেয়ে শিশুর গলায় অস্ত্র ধরে লুটপাট ও অগ্নিসংযোগ

জেলা প্রতিনিধি, ফেনী

চাঁদা না পেয়ে শিশুর গলায় অস্ত্র ধরে লুটপাট ও অগ্নিসংযোগ

ফেনীতে দাবিকৃত ৫ লাখ টাকা চাঁদা না পেয়ে হাজী সিরাজুল হক নামে এক মৎস্য খামার ব্যবসায়ীর বাড়িতে গিয়ে ঘরে ঢুকে শিশুর গলায় অস্ত্র ধরে লুটপাট শেষে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। সোনাগাজী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মফিজুর রহমান অগ্নিসংযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বুধবার ক্ষতিগ্রস্ত ওই ব্যবসায়ীর স্ত্রী আনোয়ারা বেগম বাদী হয়ে এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে জেলার সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের হাজী সিরাজের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।

পু্লিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়রা জানায়, ফেনী-৩ আসনের সাবেক স্বতন্ত্র সাংসদ কারাবন্দি হাজী রহিম উল্লাহর ছোট ভাই ও সোনাগাজী বিএনপির নেতা ভিপি দুলালের শ্বশুর হাজী সিরাজুল হক মুহুরী প্রজেক্ট এলাকার একজন মৎস্য খামার ব্যবসায়ী।

গত ৭ ফেব্রুয়ারি তার স্ত্রী ও সন্তানেরা খামারের মালামাল আনতে গেলে ওই এলাকার সন্ত্রাসী সোহেল, জলহস্তি শাহীন, আসিফ, মোশাররফ, কেফায়েত ও আরিফের নেতৃত্ব ১৫-২০ জন সন্ত্রাসী হাজী সিরাজের স্ত্রী ও পুত্র বিপ্লবকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন।

এ সময় বিপ্লবের ব্যবহৃত মোটরসাইকেলটি সন্ত্রাসীরা লুট করে নিয়ে যায়। মোটরসাইকেলটি ছাড়ার বিনিময়ে সন্ত্রাসীরা হাজী সিরাজের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় হাজী সিরাজের বসতঘরে অগ্নিসংযোগের হুমকি দিতে থাকেন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উল্লেখিতরাসহ ৩০-৩৫ জন সশস্ত্র সন্ত্রাসী দলবদ্ধ হয়ে হাজী সিরাজের আড়াই মাস বয়সি শিশুকন্যার গলায় অস্ত্র ধরে জিম্মি করে আলমারি ভেঙে ১৩-১৪ ভরি স্বর্ণ ও নগদ ৮ লাখ টাকা লুট করে কয়েকটি বোমা ফাটিয়ে তার বসতঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

এরপর ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরদিন বুধবার দুপুরে সোনাগাজী পৌর শহরের রাজমহল রেস্টুরেন্টে দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং নিজেদের জীবনের নিরাপত্তার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন হাজী সিরাজুল হকের ছেলে ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী মো. বিপ্লব। এ সময় তার মা আনোয়ারা বেগম, বোন শারমিন আক্তার ও আইরিন আক্তার উপস্থিত ছিলেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন