প্রধানমন্ত্রীর পথসভার মাইক খুলে নেওয়ার অভিযোগ এসপির বিরুদ্ধে

জেলা প্রতিনিধি, কুমিল্লা

প্রধানমন্ত্রীর পথসভার মাইক খুলে নেওয়ার অভিযোগ এসপির বিরুদ্ধে

কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে প্রধানমন্ত্রী তারেক রহমানের পথসভা থেকে ডিবি পুলিশ পাঠিয়ে মাইক খুলে নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের বিরুদ্ধে। গত শনিবার দুপুরে লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে পথসভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকালে পথসভার মাইক খুলে নেওয়ার চেষ্টা করা হয় গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঠিয়ে।

রোববার এ কথা জানান কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল কালাম। তিনি বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক।

বিজ্ঞাপন

তিনি বলেন, শনিবার প্রধানমন্ত্রীর অনুষ্ঠান ছিল চাঁদপুরে। এ অনুষ্ঠান নির্ধারণের পর আমি সচিবালয়ে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করি। তিনি কুমিল্লা হয়ে চাঁদপুরে যাবেন এজন্য এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভার অনুরোধ করি।

প্রধানমন্ত্রী আমাকে পথসভার বিষয়ে আশ্বস্ত করেন। তার আশ্বাস পেয়ে আমি মুদাফফরগঞ্জ বাজারে পথসভার জন্য সভামঞ্চ প্রস্তুত করি। কিন্তু পথসভার দিন সকালে কুমিল্লার এসপি ডিবি পুলিশ পাঠিয়ে সভামঞ্চ থেকে মাইক খুলে নেন। পরে আমাদের নেতাকর্মীরা তাতে বাধা দিলে ডিবি পুলিশ একপর্যায়ে মাইক রেখে চলে যেতে বাধ্য হয়।

আবুল কালাম আরো বলেন, কুমিল্লার এসপি আওয়ামী লীগ আমলে একজন প্রভাবশালী পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি এখন বিএনপি সাজতে চেষ্টা করছেন। আমি দলের হাইকমান্ডকে বিষয়টি জানিয়েছি।

অভিযোগের বিষয়ে জানতে পুলিশ সুপার মো. আনিসুজ্জামানকে ফোন করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

প্রসঙ্গত, গত শনিবার চাঁদপুর যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দুটি খাল খনন, ফ্যামিলি কার্ডের উদ্বোধন, জনসভাসহ বিভিন্ন কার্যক্রম করেন। চাঁদপুর যাওয়ার আগে কুমিল্লায় দুটি পথসভা করেন প্রধানমন্ত্রী। দুপুর ১টার দিকে জেলার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে একটি ও বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজারসংলগ্ন খেলার মাঠে আরেকটি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...