মার্কিন নারীকে যৌন নিপীড়নের দায়ে একজনের ৭ বছর কারাদণ্ড

মার্কিন নারীকে যৌন নিপীড়নের দায়ে একজনের ৭ বছর কারাদণ্ড

কক্সবাজার শহরে মার্কিন নাগরিক এলিজাবেথ হেলটন কিম্মেলকে (Elizabeth Helton Kimmel)(৫৪) যৌন নিপীড়নের দায়ে তারিকুল ইসলাম ওরফে চুইল্লা তারেক (২২) নামের এক যুবককে সাত বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুরের এই আদেশ দেন কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের (ট্রাইবুনাল-০১) বিচারক এবং জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এই আদেশ দেন। কক্সবাজার জেলা ও দায়রা আদালতের বেঞ্চ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সাজাপ্রাপ্ত তারিকুল ইসলাম কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মোহাজের পাড়ার ফরিদুল আলমের ছেলে।

চলতি বছরের ১০ মার্চ ভোরে কক্সবাজার শহরের সার্কিট হাউস সড়কে ওই মার্কিন নাগরিক অজ্ঞাত যুবকের হাতে যৌন হয়রানি শিকার হন।

পরে পুলিশ সুপারকে লিখিত অভিযোগ করেন মার্কিন সেই নারী। ওই ঘটনার ছয় ঘণ্টার মধ্যে আসামি চিহ্নিত করে তারিকুল ইসলামকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। পরে ২৪ ঘণ্টার মধ্যে এই মামলার অভিযোগপত্র দেয় পুলিশ। ওই অভিযোগপত্রে একমাত্র আসামি হিসেবে তারিকুল ইসলামকে চিহ্নিত করা হয়।

আদালত সূত্র মতে, গ্রেপ্তারের দিন থেকে তারিকুল ইসলামের সাজা কার্যকর হবে। আসামি তারিক বর্তমানে কারাগারে রয়েছে।

এই মামলার অভিযোগকারি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ক্লিনটন কিম্মেলের (Clinton Kimmel) স্ত্রী এলিজাবেথ হেলটন কিম্মেল (Elizabeth Helton Kimmel)। তিনি আন্তর্জাতিক এনজিওতে কর্মরত স্বামীর সাথে কক্সবাজারে অবস্থান করছেন। তারা বর্তমানে কক্সবাজার পৌরসভার জলিলের মোড় এলাকার শাহীন টাওয়ারে বসবাস করছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন