রাঙ্গুনিয়ায় বন্ধ হচ্ছে না পাহাড় কাটা

নুরুল আবছার চৌধুরী, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম)

রাঙ্গুনিয়ায় বন্ধ হচ্ছে না পাহাড় কাটা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় কাটছেন স্থানীয়রা। আমার দেশ

দীর্ঘদিনেও বন্ধ হচ্ছে না রাঙ্গুনিয়ায় পাহাড় কাটা । দিনে দিনেই বেপরোয়া হয়ে উঠেছে পাহাড়খেকোরা। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলেও বন্ধ হয়নি পাহাড় কাটা। বরং নতুন করে আরো সক্রিয় হয়ে উঠেছে পাহাড়ি মাটি বিক্রি সিন্ডিকেট।

সরেজমিনে দেখা যায়, উত্তর রাঙ্গুনিয়ার ১ নম্বর রাজানগর, ইসলামপুর ও দক্ষিণ রাজানগর ইউনিয়নগুলোতে রাতের আঁধারে পাহাড় কেটে সাবাড় করা হচ্ছে। বিভিন্ন জায়গায় উঁচু-নিচু পাহাড় কেটে সমতল ভূমিতে পরিণত করা হচ্ছে। উজাড় করা হয়েছে পাহাড়ে থাকা বিভিন্ন ফলদ গাছ। ভেকু দিয়ে এসব মাটি কাটা হচ্ছে। মাটি কাটার পর খবর পেয়ে উপজেলা প্রশাসন ও বন বিভাগের লোকজন মাঝেমধ্যে অভিযানে গেলে এর আগেই পাহাড় কাটার সরঞ্জাম সরিয়ে নেয় চক্রটি। পাহাড় কেটে মাটিগুলো ব্রিক ফিল্ট ও আশপাশের বিভিন্ন ফসলি জমি ভরাট করার কাজেই ব্যবহার করা হয়ে থাকে বলে অভিযোগ স্থানীয়দের।

বিজ্ঞাপন

এই ব্যাপারে স্থানীয়রা জানান, ওই সব এলাকায় নিজস্ব জায়গার পাশাপাশি বন বিভাগের মালিকানাধীন তাদের দখলীয় সরকারি খাস পাহাড় থেকেও বেশির ভাগ মাটি নেওয়া হয়। কিন্তু সম্প্রতি পাহাড় কাটা সিন্ডিকেট ঢালু থেকে প্রায় ২০ ফুট উঁচু পাহাড়গুলো কেটে সাবাড় করছে। বন বিভাগের দায়িত্ব এসব পাহাড় রক্ষা করা। একরের পর একর পাহাড় কেটে সমতলভূমিতে পরিণত করা হচ্ছে। গত মঙ্গলবার দক্ষিণ রাজানগর মুহাম্মদপুর গ্রামে বেলাল নামের এক ব্যক্তির নেতৃত্বে গভীর রাতে পাহাড় কেটে নেওয়ার সময় বন বিভাগ ও পুলিশ একটি ট্রাক আটক করে এবং অন্য ট্রাকগুলো মাটি ফেলে পালিয়ে যায়। তার মধ্যে একটি ট্রাক বন বিভাগ জব্দ করেছে। এ ব্যাপারে স্থানীয় বন বিভাগের রেঞ্জারের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয়দের মধ্যে কিছু প্রভাবশালী ব্যক্তি রাজনীতির প্রভাব দেখিয়ে এসব পাহাড় কেটে বিভিন্ন ব্রিকফিল্ডসহ অন্যত্র পাচার করে থাকে। এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন জেনেও না জানার ভান করে। স্থানীয় সচেতন মহল মনে করে, পাহাড় কাটার ব্যাপারে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া না হলে পরিবেশের যথেষ্ট ক্ষতি হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান জানান, পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে প্রশাসন সব সময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। কোথাও খবর পেলেই সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পাহাড় কাটার অপচেষ্টা করা হলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন