আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নির্বাচন ঘিরে চট্টগ্রামে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

চট্টগ্রাম ব্যুরো

নির্বাচন ঘিরে চট্টগ্রামে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বন্দরনগরী চট্টগ্রামে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার সকাল থেকে নগরীর প্রবেশ পথসহ সিএমপির আওতাধীন সকল থানা এলাকায় একযোগে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে তাবু টানিয়ে বাঙ্কার স্থাপন করা হয়েছে। এসব স্থানে থানা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। নগরীর প্রবেশ পথ সিটিগেইট, কাপ্তাই রাস্তার মাথা,শাহ আমানত নতুন ব্রিজ চেকপোস্ট বসানো হয়েছে। তা ছাড়া নিউমার্কেট কাস্টমস মোড়, বারিক বিল্ডিং মোড়, কালুরঘাট মোড়সহ ব্যস্ত সড়কগুলোতে মঙ্গলবার সকাল থেকেই যানবাহন ও আরোহীদের তল্লাশি চলছে।

বিজ্ঞাপন

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসনের গণ-বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১০ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত জেলা এলাকায় মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এছাড়া ১১ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মাইক্রোবাস, ট্যাক্সিক্যাব, পিকআপ ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, অনুমোদিত পর্যবেক্ষক, জরুরি ও স্বাস্থ্যসেবা, সংবাদমাধ্যম, দূরপাল্লার যানবাহন এবং টেলিযোগাযোগ সংস্থার যানবাহন এই নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। রিটার্নিং কর্মকর্তার অনুমোদন ও স্টিকার প্রদর্শন সাপেক্ষে প্রার্থীর এজেন্ট, সাংবাদিক এবং নির্বাচন সংশ্লিষ্টদের চলাচল অনুমোদিত হবে। গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সংযোগ সড়কে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল রাখার কথাও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নগরীর বিভিন্ন এলাকায় সাঁজোয়া যানসহ টহল জোরদার করেছে। চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যৌথ বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে চেকপোস্ট অভিযান পরিচালিত হচ্ছে। অভিযানে লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেলসহ বাস, ট্রাক, ইজিবাইক ও মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধ কোনো মালামাল বহন করা হচ্ছে কি না তা যাচাই করা হয় এবং যানবাহনের কাগজপত্র পরীক্ষা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন