লক্ষ্মীপুরের রামগতিতে বাড়ি থেকে বের হয়ে পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে এক মাদরাসাছাত্র। গত শনিবার রামগতির চর পোড়াগাছা এলাকা থেকে কমলনগরের তোরাবগঞ্জের ‘দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসা’র উদ্দেশে রওনা হয়ে নিখোঁজ হয় শাহীন। আত্মীয়স্বজন ও সম্ভাব্য স্থানে সন্ধান চেয়ে ব্যর্থ হয়ে বৃহস্পতিবার রামগতি থানায় একটি জিডি করেন নিখোঁজ শিশুর মা শাহিনুর বেগম।
আরাফাত হোসেন শাহীন (১৩) তোরাবগঞ্জের দারুস সুন্নাহ ইসলামিয়া মাদরাসার হেফজ বিভাগের ছাত্র। তার বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের চর বসু গ্রামে।
শিশুটির বাবা আবুল বাশার বলেন, বাড়ির লোকজন ও মাদরাসার শিক্ষকেরা মিলে লক্ষ্মীপুরের বিভিন্ন সম্ভাব্য স্থানে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
স্বজনেরা জানান, হারিয়ে যাওয়ার সময় শিশু শাহীনের পরনে ছিল কালো রঙের একটি পাঞ্জাবি ও মাথায় টুপি। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট ৫ ইঞ্চি।
রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, শিশুটির মা তাকে মাদরাসা পর্যন্ত এগিয়ে দেননি। ধারণ করা হচ্ছে, পথের মাঝখান থেকেই সে নিখোঁজ হয়েছে। মাদরাসার পড়াশোনার কোনো ভীতি থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে। অভিভাবক থানায় জিডি করেছেন, আমরা শিশুটিকে উদ্ধারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

