আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

আসলাম চৌধুরী ও পুলিশের জিরো টলারেন্স

সীতাকুণ্ডে মাদক অভিযান শুরু, শীর্ষ কারবারিসহ আটক ৩

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সীতাকুণ্ডে মাদক অভিযান শুরু, শীর্ষ কারবারিসহ আটক ৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদক অভিযান শুরু করেছে পুলিশ। অভিযানে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের কলাবাড়িয়া আদর্শ গ্রামে দীর্ঘদিন ধরে সিসি ক্যামেরার নজরদারিতে গোপনে মাদক কারবারি করায় একই পরিবারের ৩ সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- মেহেদী হাসান হৃদয় (২৪), তার পিতা বাহার উদ্দিন (৫৫) ও মাতা বিবি মরিয়ম প্রকাশ কোহিনূর আক্তার (৪৫)। এলাকায় শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত হৃদয়কে আটকের খবর শুনে ওই গ্রামজুড়ে স্বস্তির আবহ বিরাজ করছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে সীতাকুণ্ড থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে প্রথমে হৃদয়কে আটক করা হয়। পরে ইয়াবা ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগে তার বাবা ও মাকেও আটক করা হয়। অভিযানের সময় হৃদয়ের কাছ থেকে ৫২ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। বাড়ির চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করে নজরদারির আড়ালে দীর্ঘদিন ধরে এ মাদক কারবার পরিচালিত হচ্ছিল।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম আমার দেশকে বলেন, হৃদয়ের পুরো পরিবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। তারা কৌশলে দীর্ঘদিন ধরে এ কারবার চালিয়ে আসছিল। হৃদয়ের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

কলাবাড়িয়া আদর্শ গ্রামে একটি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব প্রতিষ্ঠানের নিকটবর্তী এলাকায় মাদকের বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগে ছিলেন অভিভাবকরা। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক অভিভাবক বলেন, স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা ও নৈতিক অবক্ষয় নিয়ে তারা সবসময় আতঙ্কে থাকতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক মাস আগে তারা মাদকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করেন। তাদের অভিযোগ, এর আগেও হৃদয়ের সহযোগী কয়েকজন গ্রেফতার হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় একই কারবারে জড়িয়ে পড়ে।

স্থানীয় গ্রামবাসীরা আরও বলেন, সীতাকুণ্ড সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ সীতাকুণ্ডকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলেন। নবনির্বাচিত সংসদ সদস্যের সহযোগিতায় বারৈয়াঢালা ইউনিয়নকে মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন।

তাদের মতে, প্রশাসনের নিয়মিত অভিযান, কঠোর আইনি প্রক্রিয়া ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কলাবাড়িয়া আদর্শ গ্রামকে স্থায়ীভাবে মাদকমুক্ত রাখা সম্ভব।

পুলিশ জানায়, চলমান অভিযানের ধারাবাহিকতায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন