প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে পূর্ণমন্ত্রী হয়েছেন সিলেটের দুই রাজনীতিক। তারা হলেন সিলেট-১ আসনের খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট-৪ আসনের আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন। খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।
সিলেট থেকে নতুন মন্ত্রিসভায় দুজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় সিলেটজুড়ে আনন্দের আবহ বিরাজ করছে। তবে ড. রেজা কিবরিয়া বাদ পড়ার বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। জেলা থেকে মন্ত্রী হওয়া দুজনই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতে জয় পায় বিএনপি জোট। প্রথমবার নির্বাচিত ১৬ এমপির মধ্যে দুজনের মন্ত্রী হওয়া রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।
ওয়ার্ড কাউন্সিলর থেকে পূর্ণমন্ত্রী আরিফুল
সিলেট-৪ (কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর) আসনে এক লাখ ১৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী হন আরিফুল হক চৌধুরী। তার রাজনৈতিক উত্থান শুরু ২০০৩ সালে সিলেট সিটি করপোরেশনের কমিশনার হিসেবে। ২০১৩ সালে কারাবন্দি অবস্থায় মেয়র নির্বাচিত হয়ে আলোচনায় আসেন তিনি। ২০১৮ সালেও পুনর্নির্বাচিত হন। নির্বাচনি প্রচারে ‘প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার’ স্লোগান তুলে ধরে উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করেন। শপথের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। দলের আস্থার প্রতিদান কর্মের মাধ্যমে দিতে চাই।
ঐতিহ্যের ধারাবাহিকতায় মুক্তাদির
সিলেট-১ (মহানগর-সদর) আসনে এক লাখ ৭৭ হাজার ভোট পেয়ে জয়ী হন খন্দকার আব্দুল মুক্তাদির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান এক লাখ ৩৫ হাজার ভোট। প্রথমবার এমপি হয়েই পূর্ণমন্ত্রী হওয়া তাকে আলোচনায় এনেছে।
রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া মুক্তাদিরের বাবা খন্দকার আব্দুল মালিক তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। প্রায় তিন দশক পর পারিবারিক আসন পুনরুদ্ধার করে মুক্তাদির নতুন অধ্যায়ের সূচনা করেছেন। শপথের পর তিনি বলেন, সিলেটবাসীর দোয়া চাই। দলের আস্থা ও প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। দুই নেতা পূর্ণমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় সিলেটের রাজনীতিতে নতুন প্রত্যাশার জন্ম দিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

