সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা কল্লোল বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত অফিস আদেশ থেকে এসব তথ্য জানা গেছে।
অফিস আদেশে বলা হয়েছে, দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার কল্লোল বিশ্বাসের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলা হয়। তদন্তে অপরাধ প্রমাণ হওয়ায় চাকরি থেকে অব্যাহতির সুপারিশ করেছিল এ-সংক্রান্ত কমিটি। সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে ইসি। তবে ইসির এই উপজেলা নির্বাচন কর্মকর্তা খোরপোষ ভাতাসহ অন্যান্য আইনানুগ সুবিধা পাবেন।
ইসি সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভ্যাট-ট্যাক্সের টাকা আত্মসাতের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমানকে ‘চাকরি হইতে বরখাস্তকরণ’ এবং কুমিল্লায় দায়িত্ব পালনকালে ঘুস নেওয়ার ঘটনায় অভিযুক্ত সিনিয়র সহকারী সচিব সুধাংশু কুমার সাহাকে ‘অনিয়মের দায়ে’ চাকরিচ্যুত করে নির্বাচন কমিশন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

