পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় ২০১৩ সালে ঢাকার শাহবাগে প্রথম রাষ্ট্রীয়ভাবে মব তৈরি করে বিএনপি ও জামায়াতের দেশপ্রেমিক নেতাদের হত্যা করা হয়েছিল। আর এই মব তৈরির হোতা ছিলেন ইমরান এইচ সরকার, লাকি আক্তার, বাপ্পা আদিত্য বসুসহ অর্ধশতাধিক নাস্তিক ব্লগার ও কথিত আওয়ামী বুদ্ধিজীবীরা।
পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তারা ফের বিভিন্ন অজুহাতে মাঠে নেমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা করছে। তাই তাদের ষড়যন্ত্র সফল হওয়ার আগেই শাহবাগের হোতাদের গ্রেপ্তার করার দাবি জানিয়েছে চট্টগ্রামের ছাত্রনেতারা।
বুধবার রাত ১১টার দিকে এই দাবিতে নগরীর জামালখান এলাকায় বিক্ষোভ মিছিল বের করে ইনসাফ মঞ্চ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাসহ বিভিন্ন ছাত্র সংগঠন কর্মীরাও মিছিলে অংশ নেন। মিছিল শেষে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন তারা। এতে বক্তব্য রাখেন ইবনে হোসাইন জিয়াদ, তাওসীফ ইমরোজ, আবরার হাসান রিয়াদ, আব্দুল কাদের, শাফায়াত চৌধুরী ও মোহাম্মদ আব্দুল্লাহ।
বক্তারা শাহবাগী ইমরান, লাকিসহ সব হোতাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। একই সঙ্গে রাষ্ট্রীয় মব তৈরির মাধ্যমে ফাঁসি দিয়ে হত্যা করা রাজনৈতিক নেতাদের দায়মুক্তি দেয়া, শাপলায় শহীদদের তালিকা প্রকাশ ও আহতদের ক্ষতিপূরণ, শাহবাগের সঙ্গে জড়িত সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিষিদ্ধ করার দাবি জানান তারা। এসব শাহবাগী ষড়যন্ত্রকারীদের ব্যাপারে কঠোর হতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান ছাত্রনেতারা।
নইলে জুলাই বিপ্লবের মতো কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন ইনসাফ মঞ্চের নেতারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

