চট্টগ্রামের মিরসরাইয়ে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ উপলক্ষে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) অভিযানে ৪৮ কেজি ৩০ গ্রাম ইলিশ জব্দ করা হয়েছে। একই সঙ্গে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ বিক্রির অপরাধে দুই মাছ বিক্রেতাকে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার উপজেলার মিঠাছড়া বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের।
অভিযান সংশ্লিষ্টরা জানান, মা ইলিশ সংরক্ষণে সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে বাজারে এই অভিযান চালানো হয়। এ সময় ইলিশ বিক্রির দায়ে দুই বিক্রেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং তাদের কাছ থেকে ৪৮ কেজি ৩০ গ্রাম ইলিশ মাছ জব্দ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের বলেন, মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিষেধাজ্ঞার মেয়াদকালে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহনের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
পরে জব্দ করা ইলিশ মাছ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তারের উপস্থিতিতে জব্দকৃত ইলিশ চারটি এতিমখানা ও উপস্থিত ছয়জন দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার জানান, জব্দ করা ইলিশ নষ্ট না করে নিয়ম অনুযায়ী এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

