চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক লাখের বেশি পরীক্ষার্থীর মধ্যে প্রথম দিনে ১ হাজার ২৩০ জন অনুপস্থিত ছিলেন। এছাড়াও ৪৪ জন প্রতিবন্ধী পরীক্ষায় অংশ নেন। তার মধ্যে ২৯ জন নিজেরাই লিখতে সক্ষম। আর শ্রুতিলেখকের সাহায্য নিয়ে অংশ নেন ১৪ জন।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর একটা পর্যন্ত। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হয়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্যমতে, এবার ৩০৭টি কলেজ থেকে ১ লাখ ২ হাজার ৯৭৫ জন পরীক্ষায় অংশ নেয়ার কথা।
জানা যায়, সকাল থেকেই চট্টগ্রামের বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীদের সরব উপস্থিতি ছিল। অনেকে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে হাজির হন। সকাল থেকে নগরে কিছুটা যানজট ছিল। কেন্দ্রগুলোর গেটের সামনে অভিভাবকদের ভিড়। আর ভেতরে কক্ষ পরিদর্শক, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিও ছিল দৃশ্যমান।
শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষার পরিবেশ সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা, নকলবিরোধী পোস্টার এবং রয়েছে অ্যানালগ ঘড়ি লাগানো । জনসমাগম নিয়ন্ত্রণে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। বর্ষা মৌসুমে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে সংশ্লিষ্ট বিভাগকে সতর্ক করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

