মেঘনায় ট্রলারডুবি, কুমিল্লায় এক পরিবারের তিন জনকে পাশাপাশি দাফন

মেঘনায় ট্রলারডুবি, কুমিল্লায় এক পরিবারের তিন জনকে পাশাপাশি দাফন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির দুই দিন পর একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। পরে নিজ গ্রাম কুমিল্লায় পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়েছে। শনিবার সকালে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আল মোস্তফা ফ্যাক্টরির সামনে থেকে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ।

বিজ্ঞাপন

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—সামিনা (১৭), সজীব (২৪) ও সামিন (৫)। এর আগে দুর্ঘটনার দিনই রায়েশা বেগমের (৫৫) লাশ উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় হেলাল উদ্দিন নামের আরো একজন নিখোঁজ রয়েছেন।

শনিবার দুপুর ১২টার দিকে তিনজনের লাশ কুমিল্লার হোমনা উপজেলার শ্রীমদ্দি গ্রামে আনা হলে নেমে আসে শোকের ছায়া। পরে স্থানীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে চরেরগাঁও কবরস্থানে পাশাপাশি তিনজনকে দাফন করা হয়। দাফনকালে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাবিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার হোমনা থেকে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে ১৪ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মেঘনা নদীতে দুর্ঘটনার কবলে পড়ে। সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনামই এলাকায় আমান সিমেন্ট কারখানা সংলগ্ন নদীতে প্রবল স্রোতের কবলে পড়ে ট্রলারটি উল্টে যায় এবং মুহূর্তের মধ্যে তলিয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল এবং নৌ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে। অভিযানের একপর্যায়ে নদীর তলদেশ থেকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয় এবং নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ অব্যাহত রাখা হয়।

হোমনা থানার ওসি টমাস বড়ুয়া জানান, উদ্ধার হওয়া তিনজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করার পর দাফন সম্পন্ন হয়েছে। তবে এ ঘটনায় এখনো একজন নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন