মিরসরাইয়ে একদিনে পৃথক স্থান থেকে দুটি অজগর উদ্ধার

মিরসরাইয়ে একদিনে পৃথক স্থান থেকে দুটি অজগর উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পৃথক দুটি স্থান থেকে একদিনে দুটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) উপজেলার করেরহাট ও জোরারগঞ্জ এলাকায় স্থানীয়দের সহায়তায় সাপ দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অজগর দুটির দৈর্ঘ্য যথাক্রমে প্রায় সাত ও আট ফুট।

বিজ্ঞাপন

শুক্রবার উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ অলিনগর এলাকার শাহজাহান মাস্টারের বাড়ির আঙিনা থেকে প্রায় সাত ফুট লম্বা একটি অজগর উদ্ধার করা হয়। খাবারের সন্ধানে লোকালয়ে এসে সাপটি ধানক্ষেতের পাশে থাকা নেটের জালে আটকা পড়ে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশকে জানান। খবর পেয়ে সংগঠনটির সদস্য সালাউদ্দিন মাহাদী ও নওশিন হোসেন নিরব ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করেন।

উদ্ধারকারী দলের সদস্য সালাউদ্দিন মাহাদী বলেন, খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। পরে ধানক্ষেতের পাশে নেটের জালে আটকা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিরাপদে সাপটি উদ্ধার করা হয়।

একই দিন উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় মিয়াগ্রামের আজিজ মিয়ার বাড়ির আঙিনা থেকে প্রায় আট ফুট লম্বা আরেকটি অজগর উদ্ধার করা হয়। জোরারগঞ্জ বিট কর্মকর্তা হাসানুজ্জামানের নেতৃত্বে বন বিভাগের সদস্যরা সাপটি উদ্ধার করেন। এ সময় রহিম উদ্দিন, আলতাফ হোসেন ও সাফায়েত সহযোগিতা করেন।

জোরারগঞ্জ বিট কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, অজগরটি লোকালয়ে চলে আসার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান এবং নিরাপদে সেটি উদ্ধার করেন। পরে উদ্ধার করা অজগরটি মহামায়া ইকো-পার্কে অবমুক্ত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন