বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি হচ্ছে জনগণের সরকার। আমরা সবসময় জনগণের পাশে থাকতে চাই। তিনি আরো বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তটি রয়েছে। বন্যাদুর্গত মানুষের জন্য সরকারি, বেসরকারি সম্মিলিত উদ্যোগে ত্রাণ সহায়তায় অব্যাহত রয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ ও ইউনিয়নের কুমারীছড়া ভাঙ্গন এলাকা পরিদর্শন পরবর্তী উপস্থিত জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আরো বলেন, দেশের যেসব এলাকা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব জায়গায় সরকারের পক্ষ থেকে জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধসহ বিভিন্ন অবকাঠামোর পুনর্বাসন করা হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যাতে তারা দ্রুততম সময়ের মাঝে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত সরকারি কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে বন্যায় ক্ষয়ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ এবং জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশনা প্রদান করেন। পরে চকরিয়া পৌরসভার কোচপাড়া বেড়িবাঁধের ভাঙ্গন ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের দূর্ভোগ লাঘব এবং নদী ভাঙ্গন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা প্রশাসক মো.আ, মান্নান, জেলা পরিষদ প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রূপায়ন দেব, কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফখরুদ্দীন ফরায়েজি ও পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিমসহ বিএনপির স্থালীয় নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তাগন, স্থানীয় জনপ্রতিনিধিগন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জুমার নামাজের পরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের জন্য ত্রাণ সহায়তা হিসেবে বর্ডার গার্ড বাংলাদেশের দেওয়া খাদ্য সামগ্রী বানবাসি লোকজনের মাঝে বিতরণ করেন। এদিন বিকেলে উপজেলার কাকারা, সুরাজপুর-মানিকপুর ও বরইতলী ইউনিয়নের বন্যা কবলিত লোকজনের মাঝে ত্রাণ সহায়তা তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

