কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ও চিওড়া ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অবস্থিত ঐতিহ্যবাহী পাতড্ডা বাজারের অস্থায়ী গরু বাজারে আদায়কৃত হাসিলের টাকা ১৯ মসজিদ ও দুই মাদরাসায় বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে পাতড্ডা বাজারের ভাই ভাই মার্কেটে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে মসজিদ ও মাদ্রাসার প্রতিনিধিদের হাতে নগদ টাকা তুলে দেন পাতড্ডা বাজার ব্যবসায়ী কমিটির উপদেষ্টা, ব্যবসায়ী ও সমাজসেবক ইসমাইল হোসেন চৌধুরী।
পাতড্ডা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি রিয়াজ হোসেনের সভাপতিত্বে ও যুবনেতা পেয়ার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ফেনী মহিপাল শাখা ম্যানেজার মহিউদ্দিন ইকবাল, বাজার পরিচালনা কমিটির নেতা রেজাউল করিম, আরিফুর রহমান, মো. রাসেল, মো. ফরহাদ, মো. ইসমাইল মজুমদার, রাজিবুল হক, মাওলানা মাসুদ, মো. হাসান, মো. নয়ন, মো. লিটন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ শাহাদাত হোসেন।
উল্লেখ্য, পাতড্ডা অস্থায়ী গরু বাজারের হাসিলের টাকা লুদিয়ারা পূর্ব পাড়া জামে মসজিদ, লুদিয়ারা মধ্যম পাড়া জামে মসজিদ, লুদিয়ারা হাজী বাড়ি মসজিদ, লুদিয়ারা পশ্চিম পাড়া জামে মসজিদ, লুদিয়ারা উত্তর পাড়া জামে মসজিদ, লুদিয়ারা উত্তর-মধ্যম পাড়া জামে মসজিদ, কুলিয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ, কুলিয়ারা পশ্চিম পাড়া মসজিদ, কুলিয়ারা কাজী বাড়ি মসজিদ, জামুকরা জামে মসজিদ, নানকরা জামে মসজিদ, কালিকসার কেন্দ্রীয় জামে মসজিদ, কালিকসার কাজী মার্কেট মসজিদ, আমজাদের বাজার মসজিদ, পাতড্ডা বাজার কেন্দ্রীয় মসজিদ, পাতড্ডা দক্ষিণপাড়া মসজিদ, পাতড্ডা উত্তর পাড়া মসজিদ, সনপুর কেন্দ্রীয় মসজিদ, সারপটি পূর্বপাড়া মসজিদ, পাতড্ডা নূরানী মাদ্রাসা ও লুদিয়ারা নেজামিয়া মাদ্রাসার প্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়।
উৎসবমুখর পরিবেশে গরু বাজারের হাসিলের টাকা সংগ্রহ শেষে মসজিদ ও মাদ্রাসায় বিতরণের ব্যতিক্রমী এ উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

