চাঁদপুরের আলোচিত আওয়ামীলীগ নেতা সেলিম খান ও তার ছেলে অভিনেতা শান্ত খানের লাশ কবর থেকে উত্তোলন করে তদন্তের (পোস্টমর্টেম) নির্দেশ দিয়েছে আদালত।
সোমবার চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ময়নাতদন্ত করার লক্ষ্যে কবর থেকে লাশ উত্তোলনের জন্য জেলা প্রশাসকের কাছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট চেয়েছে আদালত। জেলা প্রশাসক লাশ উত্তোলনের অনুমতি দিলে তা কার্যকর করা হবে।
সেলিম খান ও তার ছেলে ২০২৪ সালের ৫ আগস্ট গণপিটুনিতে নিহত হন। তাদের লাশ দাফন করা হয়েছিল ওই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে সেলিমের নিজ বাড়িতে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার সময় জনরোষের মুখে পড়েন সেলিম খান। সেখান থেকে বের হয়ে আসতে পারলেও পরে বাগড়া বাজার এলাকায় তারা জনতার মুখোমুখি হন। গণপিটুনিতে সেলিম খান ও শান্ত খান নিহত হন। ওই সময় পরিস্থিতির কারণে তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়।
সেলিম খান চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ছিলেন। তিনি চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান ‘শাপলা মিডিয়া’র সঙ্গে যুক্ত ছিলেন এবং তার ছেলে শান্ত খান চলচ্চিত্রে অভিনয় করতেন।
সেলিম খানের বিরুদ্ধে পদ্মা-মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলাও চলমান রয়েছে বলে জানা গেছে। তিনি সারা দেশে ‘বালু সেলিম’ হিসেবে পরিচিত।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

