ফেনীতে নারী-শিশুসহ আরও ১১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৯ জুন) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের আটক করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার মধ্যরাতে বৈরী আবহাওয়ার সুযোগে জেলার ছাগলনাইয়া উপজেলার যশপুর সীমান্ত পিলার-২১৯১ এলাকা দিয়ে নারী-শিশুসহ ১১ জনকে বাংলাদেশে ঠেলে পাঠায় বিএসএফ।
খবর পেয়ে রাত আনুমানিক ২টার দিকে বিজিবির স্থানীয় যশপুর বিওপির নিয়মিত টহল দল ওই উপজেলার মটুয়া এলাকা থেকে তাদের আটক করে।
আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ, ৭ জন নারী ও ৩ জন শিশু রয়েছে। তাদের দাবি, কাজের সন্ধানে অবৈধভাবে তারা ভারতে গিয়েছিলেন। তারা যশোর, নড়াইল ও সাতক্ষীরা জেলার বাসিন্দা।
সম্প্রতি ভারতীয় পুলিশ তাদের আটক করে। মঙ্গলবার মুম্বাই থেকে ৩৫০ জনকে বিমানযোগে আগরতলায় আনা হয়। পরে সেখান থেকে তাদের পুশইনের জন্য বিভিন্ন সীমান্ত এলাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ৪ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় মোট ১১ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা বিভিন্ন সময় কাজ করার জন্য ভারতে প্রবেশ করেছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
তাদের ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিএসএফের কোম্পানি কমান্ডারকে মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে প্রতিবাদলিপি প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
প্রসঙ্গত, এর আগে ৩০ মে জেলার ছাগলনাইয়া উপজেলার একই সীমান্ত এলাকা দিয়ে ১৩ জন এবং ২২ মে ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ৩৯ জনকে পুশইন করেছিল বিএসএফ। পরবর্তীতে বাংলাদেশি হিসেবে পরিচয় নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্ট থানা পুলিশ তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

