চট্টগ্রামে বাবার সামনে মায়ের কোল থেকে নালায় পড়ে নিখোঁজ ৬ মাসের শিশু সেহেরিশের মরদেহ ১৪ ঘন্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা। শুক্রুবার রাতে নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকায় হিজরা খালে পড়ে
চট্টগ্রামে বাবার সামনে মায়ের কোল থেকে নালায় পড়ে নিখোঁজ ৬ মাসের শিশু সেহেরিশের লাশ ১৪ ঘণ্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা।
শুক্রবার রাতে নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকায় হিজরা খালে পড়ে নিখোঁজ হয় শিশুটি। ফায়ার সার্ভিস, সিটি করপোরেশনের পাশাপাশি নৌবাহিনীর ডুবুরি দল উদ্ধার অভিযানে অংশ নেয়। আজ সকাল পর্যন্ত শিশুটিকে খুঁজে না পেলে একপর্যায়ে স্থানীয়রাও নেমে পড়ে খালে। পরে ঘটনাস্থল থেকে অন্তত তিন কিলোমিটার দূরে চাক্তাই খাল থেকে সকাল সাড়ে ১০টায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশুটির পিতা মোহাম্মদ শহিদ জানান, শুক্রবার স্ত্রী-সন্তানকে নিয়ে ঘুরতে বের হন। সন্ধ্যার পর এক আত্মীয়ের বাসা থেকে রিকশায় বাসায় ফিরছিলেন। এসময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। কাপাসগোলার সরু রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে যায়। পরে স্ত্রীকে উঠাতে পারলেও ছেলেটি তলিয়ে যায় চোখের সামনে।
স্থানীয়রা জানান, জলাবদ্ধতা নিরসনে খালটি খনন করা হলেও নিয়মিত পরিষ্কার করা হয়নি। ফলে খালটি নর্দমায় পরিণত হয়। শুক্রবার বিকালে হালকা বৃষ্টি হওয়ায় খালে পানি বেড়ে যায়। সন্ধ্যায় রিকশাসহ শিশুটির মা-বাবাও খালে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে বাবা-মাকে উদ্ধার করলেও পানিতে তলিয়ে যায় শিশুটি।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পরপরই ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্ধারকারী দল। রাতেই উদ্ধার অভিযানে অংশ নেয় নোবাহিনীর ডুবুরি দল। রাতভর অভিযান শেষেও শিশুটিকে না পাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসীও নেমে পড়ে উদ্ধার অভিযানে। একপর্যায়ে চাক্তাই খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ শুরুর পর ২০২০ সাল থেকে ৫ বছরে নালায় পড়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২০২১ সালের ২৫ আগস্ট নগরীর মুরাদপুর এলাকায় বৃষ্টির সময় পা পিছলে খালে পড়ে নিখোঁজ হন ব্যবসায়ী সালেহ আহমদ। মুহূর্তের মধ্যে তলিয়ে যান তিনি। ঘটনার ৫ বছর পার হলেও আজও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নগরবিদরা জানান, অপরিকল্পিত নগরায়ণের কারণে এমনিতেই চট্টগ্রামের খালগুলো ঝুঁকিপূর্ণ। এর ওপর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত না করে যেনতেনভাবে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খাল খনন ও সংস্কার কাজ করায় প্রতিটি খাল পরিণত হয়েছে একেকটি মৃত্যুকূপে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

