চট্টগ্রামে জোড়া খুন, ২ আসামি রিমান্ডে

চট্টগ্রামে জোড়া খুন, ২ আসামি রিমান্ডে

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানায় দায়ের হওয়া জোড়া খুনের মামলায় গ্রেপ্তার দুই আসামি মো. বেলাল ও মানিককে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালত এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মফিজ উদ্দীন জানান, তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন ছিল।

এর আগে গত ২৯ মার্চ দিবাগত রাত সোয়া ২টার দিকে বাকলিয়ার এক্সেস রোড এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন মো. আব্দুল্লাহ ও মো. মানিক নামে দুই ব্যক্তি। এ ঘটনায় ৩ এপ্রিল ভোরে পুলিশ বেলালকে নগরের বহদ্দারহাট এলাকা থেকে এবং মানিককে ফটিকছড়ি উপজেলা থেকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, বেলালকে সিসিটিভি ফুটেজে গুলি চালাতে দেখা গেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, চট্টগ্রামের দুই সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও সারোয়ার হোসেন বাবলার মধ্যে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত মানিক ছিলেন সারোয়ার হোসেন বাবলার গাড়িচালক এবং আবদুল্লাহ ছিলেন তার ব্যক্তিগত সহকারী।

ঘটনার রাতে মানিক, সারোয়ার, আবদুল্লাহ, রবিন, হৃদয় ও ইমন প্রাইভেটকারে করে নতুন ব্রিজ এলাকায় আড্ডা শেষে বাড়ি ফেরার পথে বহদ্দারহাটের দিকে রওনা দেন। রাত ২টার দিকে রাজাখালী ব্রিজে পৌঁছালে ৬-৭টি মোটরসাইকেল থেকে তাদের গাড়ির ওপর এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে গাড়ির পেছনের গ্লাস ভেঙে গেলে তারা গন্তব্য পরিবর্তন করে বাকলিয়া এক্সেস রোড হয়ে চকবাজারের দিকে যান।

চকবাজার থানার নবাব সিরাজউদ্দৌলা সড়কে পৌঁছালে গাড়ির গতিপথ রোধ করে কয়েকজন অস্ত্রধারী হামলা চালায়। তারা মানিক ও আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি ছোড়ে। সারোয়ার ও ইমন সেসময় গাড়ি থেকে পালিয়ে যান। পরে মানিক ও আবদুল্লাহকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এজাহারে আরও বলা হয়েছে, আসামি সাজ্জাদ এবং তার স্ত্রী তামান্নার পূর্বপরিকল্পনায় এই হত্যাকাণ্ড সংগঠিত হয়। তারা সারোয়ার হোসেন বাবলা ও তার ছেলেসহ অন্যদের হত্যা করতে পরিকল্পনা অনুযায়ী প্রাইভেটকারটির পিছু নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন