‘কিংস পার্টি’ সরকারেরই অংশ: অধ্যক্ষ সেলিম

জেলা প্রতিনিধি, কুমিল্লা উত্তর

‘কিংস পার্টি’ সরকারেরই অংশ: অধ্যক্ষ সেলিম

বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেছেন, কবর পর্যন্ত শেখ হাসিনার সঙ্গে থাকবেন বলে জানিয়েছেন একজন শীর্ষ ব্যবসায়ী। অথচ এখন তার পত্রিকায় বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অপপ্রচার চালাচ্ছে। একই সঙ্গে কিংস পার্টি করার জন্য তিনি ১৫০০ কোটি টাকা চাঁদা দিয়েছেন। মূলত কিংস পার্টি অন্তর্বর্তী সরকারেরই একটি অংশ।

রোববার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা ভরাসার উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএনপির সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অধ্যক্ষ সেলিম বলেন, প্রাথমিক-মাধ্যমিকের শিক্ষার্থীরা এখনও বই পাইনি। কারণ বই প্রকাশকের কাছ থেকে ৪০০ কোটি টাকা চাঁদা নিয়েছেন সমন্বয়করা। তাহলে চাঁদাবাজি কারা করছে। সমন্বয়কের ব্যানারে চাঁদাবাজি করছে আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগ। আর মূল সমন্বয়করা তাদের কাছ থেকে সুবিধা নিচ্ছেন।

তিনি বলেন, বিগত ১৭ বছর একসঙ্গে ইফতার করতে পারেননি বিএনপি নেতাকর্মীরা। আমাদের দলে কোনো চাঁদাবাজ নেই । কিছু হলেই বিএনপি নেতারা চাঁদাবাজি করছেন বলে প্রচার চালাচ্ছে কয়েকটি গণমাধ্যম।

সভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কবির হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহ আলম খোকন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন