চৌদ্দগ্রামে সড়কে প্রাণ ঝরলো হোটেল কর্মচারীর

চৌদ্দগ্রামে সড়কে প্রাণ ঝরলো হোটেল কর্মচারীর

কুমিল্লার চৌদ্দগ্রামে দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় হোটেল কর্মচারী নাছির উদ্দিন(৩৮) নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় এ ঘটনা ঘটে । নিহত নাছির উদ্দিন মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর দক্ষিণপাড়ার হাজী বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ শাহাব উদ্দিন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও নিহত নাছির উদ্দিনের চাচা ইব্রাহিম জানান, মহাসড়কের পাশে মিয়াবাজার হোটেল হাইওয়ে ইনে কাজ করতেন নাছির উদ্দিন। প্রতিদিনের মতো শুক্রবার ভোরে বাড়ি থেকে হোটেল উদ্দেশে বের হন। ভোর ৬টা ২০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নবগ্রাম রাস্তার মাথায় গাড়ির জন্য অপেক্ষাকালে ঢাকামুখী দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসির উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, গুরুতর আহত নাছির উদ্দিনকে হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা করে জানা যায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামীম বলেন, নিহতের লাশ আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন