সিলেট থেকে কক্সবাজারগামী একটি দূরপাল্লার বাস জ্বালানি সংকটে পড়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে এসে মাঝপথেই থেমে যায়। এতে বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রী চরম দুর্ভোগে পড়েন।
বুধবার (১৫ এপ্রিল) সকাল ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বানুর বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওপর বাসটি বিকল হয়ে পড়ে। আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় সিলেট থেকে যাত্রা শুরু করেছিল বাসটি।
যাত্রীদের অভিযোগ, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় বারবার জ্বালানি সংগ্রহে সমস্যা হচ্ছিল। বাসের সহকারী একটি বালতি নিয়ে আশপাশের ফিলিং স্টেশনগুলোতে ঘুরে তেল আনার চেষ্টা করলেও এক ঘণ্টার বেশি সময়েও কোনো সমাধান হয়নি।
বাসের এক যাত্রী ওবায়দুর রহমান জানান, টেকনাফ যাওয়ার উদ্দেশ্যে সন্ধ্যা ৬টায় বাসে ওঠেন তিনি। পথে কয়েকটি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনে অপেক্ষা করে অল্প অল্প করে তেল নেওয়া হয়। কোথাও ১০ থেকে ২০ লিটারের বেশি তেল দেওয়া হয়নি। এমনকি বেশি তেল পাওয়ার জন্য অতিরিক্ত অর্থও দিতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এরপরও পর্যাপ্ত জ্বালানি না থাকায় শেষ পর্যন্ত বাসটি থেমে যায়।
আরেক যাত্রী বলেন, সকালে কক্সবাজারে তার একটি গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে।
বাসচালক ওসমান গনি জানান, সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত যেতে তার বাসে প্রায় ১৬০ লিটার জ্বালানি প্রয়োজন হয়। কিন্তু তিনি যাত্রা শুরু করেন মাত্র ৭০ লিটার তেল নিয়ে। পথে কয়েকটি স্টেশন থেকে সামান্য তেল পেলেও বেশিরভাগ জায়গায় দীর্ঘ অপেক্ষার পরও জ্বালানি মেলেনি। ফলে সীতাকুণ্ডে এসে বাসটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। গন্তব্যে পৌঁছাতে এখনও অন্তত ৬০ লিটার তেল প্রয়োজন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, যেসব যাত্রীর চট্টগ্রামে নামার কথা ছিল, তাদের কিছু টাকা দিয়ে স্থানীয় যানবাহনে তুলে দেওয়া হচ্ছে। বাকি যাত্রীদের জন্য বিকল্প পরিবহনের ব্যবস্থা করার চেষ্টা চলছে। পাশাপাশি জ্বালানি সংগ্রহের চেষ্টাও অব্যাহত রয়েছে।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

