বিজিবির অভিযানে ১২ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

বিজিবির অভিযানে ১২ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে অভিযান চালিয়ে ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা দামের ভারতীয় অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কার্টন ফেলে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বিজয়নগর উপজেলার ভাগলপুর এলাকায় অভিযান চালায় বিজিবি। বুধবার বেলা ১১টার দিকে সরাইল ব্যাটালিয়নের পক্ষ থেকে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবির একটি টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভাগলপুর এলাকায় অবস্থান নেয়। এ সময় ভারতের দিক থেকে ২৫ থেকে ৩০ জন মাথায় কার্টন নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন।

বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারিরা কার্টন ফেলে পালিয়ে যান। পরে ফেলে যাওয়া কার্টনগুলো তল্লাশি করে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৫ হাজার ৪৮টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়। জব্দ করা এসব ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৩ লাখ ৮৪ হাজার টাকা। জব্দ মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে সরাইল ব্যাটালিয়নের অভিযান অব্যাহত রয়েছে। সাম্প্রতিক অভিযানে ১০ হাজার ৬৫৫টি ইয়াবা ট্যাবলেট, ৪৭২ কেজি গাঁজা, ১ হাজার ১৮৭ বোতল এস্কাফ, ২৭৫ বোতল বিদেশি মদ ও ১৭৮ বোতল বিয়ার জব্দ করা হয়েছে।

এ ছাড়া গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের ১৪ অক্টোবর পর্যন্ত এক বছরে সরাইল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে মাদকসহ মোট ১২৯ কোটি ৩ লাখ ৭২ হাজার ৮৭৪ টাকা দামের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে অন্যান্য চোরাচালানি পণ্যের দাম প্রায় ১২৩ কোটি টাকা।

এসব ঘটনায় ২৫ জনকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন