ফেনীর ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক নিজাম উদ্দিন মজুমদার সজিবের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় ইউনুস নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার জয়চাঁদপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শুভপুর ইউনিয়নের ফেনী নদীর তীরবর্তী এলাকায় সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক সজিবের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্যরা এ হামলা চালায়।
ঘটনার পর সাংবাদিক সজিব বাদী হয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ইউনুসকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আলম পাটোয়ারী জানান, “মামলায় অভিযুক্ত ইউনুসকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শুভপুর ইউনিয়নের জয়চাঁদপুর গ্রামের বাসিন্দা। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
এদিকে দায়িত্ব পালনরত সাংবাদিকের ওপর হামলার ঘটনায় স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন মহলে তীব্র ক্ষোভ ও নিন্দা দেখা দিয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

