অস্ত্রের মহড়ায় আতঙ্কিত জনপদ

বুড়িচংয়ে ঘোষণা দিয়ে কিশোর গ্যাংয়ের আত্মপ্রকাশ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বুড়িচংয়ে ঘোষণা দিয়ে কিশোর গ্যাংয়ের আত্মপ্রকাশ
কিশোরগ্যাং । ছবি: আমার দেশ

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বুড়িচং আনন্দ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অস্ত্রের মহড়া দিয়ে আত্মপ্রকাশ করে কিশোর গ্যাং। ‘র স্কোয়াড’ (Raw squad) নামের কিশোর গ্যাং গ্রুপের এভাবে প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় স্থানীয় জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি বুড়িচং থানার পুলিশ।

গত ৩ জুন 'কঙ্কাল সামির' নামক একটি টিকটক আইডি থেকে ভিডিও বার্তায় দুজনকে অগ্রিম বার্তা দিতে দেখা যায়। সেখানে উল্লেখিত দিন ও সময় সবকিছু ঠিক রেখেই গত ৫ জুন শুক্রবার দুপুরে মহড়াটি পরিচালিত হয়।

বিজ্ঞাপন

প্রথমে ধীরে ধীরে সবাই একত্রিত হয় এবং হৈ-হুল্লোরের মাধ্যমে মাঠে প্রকাশ পায়। এ সময় তাদের হাতের অস্ত্রের প্রদর্শন ও চারদিকে ছোটাছুটির কারণে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

জানা যায়, "র স্কোয়াড" গ্রুপের লিডার জগতপুর ভুঁইয়া বাড়ির সামির এবং সেই গ্রুপের অধিকাংশই একই গ্রামের। অভিযোগ রয়েছে, তাদের এসব কাজে জড়িয়ে রেখে নিয়ন্ত্রণ করছে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি।

বুড়িচং বাজারের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, গত কয়েক বছর ধরে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজের ছেলেরা বাজারে উচ্ছৃঙ্খল আচরণ ও দলবদ্ধ মহড়া দিয়ে থাকে। গতকালের কিশোর গ্যাংয়ের মহড়ায়ও এসব ছেলেই ছিল বলে জানায় তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক আমার দেশকে বলেন, ‘আমরা অসহায়। বিভিন্ন দলের বড় ভাইদের সঙ্গে চলাফেরা করতে গিয়ে আমাদের সন্তানেরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে । কিছু রাজনৈতিক ব্যক্তি নিজেদের স্বার্থ হাসিলের জন্য এসব গ্রুপ করে মাঠ দখলে রাখার চেষ্টা করে ।‌’

এ বিষয়ে জানতে চাইলে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ আবু তাহের বিষয়টি স্বীকার করে বলেন, ‘গত ২১ মে দুই ছেলেকে উচ্ছৃঙ্খল আচরণের কারণে বহিষ্কার করেছি এবং দুই ছেলেকে বুড়িচং থানার ইনচার্জ লুতফুর রহমানের কাছে সোপর্দ করেছিলাম। পরে তাদের মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।’

তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি এগুলা নিয়ন্ত্রণ করার । বাইরের কিছু লোকের কারণে এগুলা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। রাজনৈতিক মাঠে প্রভাব বিস্তারের জন্য তাদের ব্যবহার করছে। আমরা চাই এগুলা বন্ধ হোক এবং সমাজে শান্তি ফিরে আসুক। অভিভাবকেরা সচেতন হলে এটা নিয়ন্ত্রণ আরও সহজ হবে ।

সামাজিকভাবে ঘৃণিত, আইনের চোখে অপরাধী এমন একটি সংঘবদ্ধ চক্রের দ্বারা এভাবে প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় প্রশ্নবিদ্ধ বুড়িচং থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভিডিওতে দৃশ্যমান থাকার পরেও কেউ গ্রেপ্তার না হওয়ায় জনমনে আতঙ্ক আরো বেড়েই চলেছে।

বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান আমার দেশকে বলেন, গতকাল দুপুরে বুড়িচং হাইস্কুল মাঠে অস্ত্রসহ কিশোর গ্যাং সদস্যরা মহড়া দিয়েছিল। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ অভিযানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়।

তিনি আরো বলেন, ‘এই গ্রুপগুলোর বেশির ভাগ ছেলেই পৌর এলাকার জগতপুর গ্রামের। তাদের দু-একজন লিড দিচ্ছে বলেও খোঁজ পেয়েছি। তদন্তের স্বার্থে নাম প্রকাশ করছি না। খুব শিগগির অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’

বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন আমার দেশকে বলেন, ‘কিশোর গ্যাং হলো সবচেয়ে অপরাধের একটা নাম। এগুলো কোনোভাবে সমাজে জায়গা পেতে পারে না। তাদের অস্ত্রসহ মহড়ার বিষয়টি আমি অবহিত নই। তবে যারা করেছে এদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করছি।’

তিনি আরো বলেন, ‘আমি বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই, যদি আমার দলের কোনো লোক এটাতে ইন্ধন দিয়ে থাকে, আমরা তাকে ছাড় দেব না এবং প্রশাসনকে বলব আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, আইনি পদক্ষেপ নিতে। সে যে গ্রামের হোক, তাকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তাদের পরিবারের সঙ্গেও বসে সামাজিকভাবে এগুলো দমনের চেষ্টা করব ইনশাআল্লাহ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন