মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে সরকারের পাশাপাশি সর্বস্তরের নাগরিককে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, মাদকাসক্ত ও কিশোর গ্যাং সদস্যদের সমাজে কোনোভাবেই আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না।
বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল জলিল মিলনায়তনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জনপ্রশাসন সচিব বলেন, শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক ও কিশোর অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এজন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত চেষ্টা প্রয়োজন। মাদকের বিস্তার ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বর্তমান সমাজের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি জানান, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর।
কিশোর অপরাধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মো. কামরুজ্জামান চৌধুরী আরও বলেন, সন্তান যেন কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সেজন্য পরিবারে পর্যাপ্ত সময় দেওয়া, তাদের চলাফেরা ও বন্ধু নির্বাচনের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত কাউন্সিলিং ও সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে সচিব বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজ পরিচালনার নেতৃত্ব দেবে। তাই শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না থেকে নৈতিকতা, মানবিকতা, শৃঙ্খলা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে।
নোয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন, নোয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

