স্বজনদের প্রার্থনা আর চিকিৎসকদের নিরন্তর চেষ্টা—সবকিছুকে পেছনে ফেলে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন খোদেজা আক্তার (৫৫)। মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে কয়েক দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান তিনি।
খোদেজা আক্তার ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের জয়ন্তীনগর গ্রামের নুর ইসলামের স্ত্রী।
গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জয়ন্তীনগর গ্রামের রাবার বাগানসংলগ্ন সড়কে ঘটে মর্মান্তিক দুর্ঘটনাটি। স্বজন ও স্থানীয়দের ভাষ্য, প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে খোদেজাকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। মোটরসাইকেলটির নম্বর ফেনী-ল ১১-৪৪৮০। এতে গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান তিনি।
স্বজনদের অভিযোগ, দুর্ঘটনার পর মোটরসাইকেলচালক ঘটনাস্থল থেকে চলে যান। পরে স্থানীয়রা খোদেজাকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানে সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি।
দুর্ঘটনার পর মোটরসাইকেলটির মালিকানা সম্পর্কেও তথ্য পাওয়া যায়। নিবন্ধনসংক্রান্ত তথ্য অনুযায়ী, ফেনী-ল ১১-৪৪৮০ নম্বরের মোটরসাইকেলটির মালিক হিসেবে মো. শাহজাহান মজুমদার ও রহিম উল্লাহ মজুমদারের নাম পাওয়া গেছে। তাদের ঠিকানা ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া বলে জানা গেছে।
তবে মোটরসাইকেলটির নিবন্ধিত মালিকরাই দুর্ঘটনার সময় এটি চালাচ্ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
দুর্ঘটনার পর থেকেই খোদেজার চিকিৎসা ও সুস্থতার জন্য স্বজনেরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। ননদ জাহিদা আক্তার জানিয়েছিলেন, খোদেজার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। একই সঙ্গে দুর্ঘটনার জন্য দায়ী চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছিলেন তারা।
কিন্তু সেই অপেক্ষার আর শেষ হলো না। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় খোদেজার মৃত্যুর খবর আসে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে বিষয়টি তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে খোদেজার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের দাবি, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করে দায়ী ব্যক্তিকে শনাক্ত এবং আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

