কুমিল্লা বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শংকুচাইল গ্রামের সরকারি রাস্তাটি দীর্ঘদিন ধরে দখল ও সরকারের অবহেলায় সাধারণ মানুষের চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষাকালে মানুষের দুর্ভোগের অন্ত নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার বেহালদশায় দিনে দিনে মানুষের কষ্ট বেড়েই চলছে। রাস্তাটির প্রতি কর্তৃপক্ষের সুদৃষ্টির অভাবে রাস্তার পাশে বসবাসকারী প্রভাবশালী অনেকে ঘরবাড়ি, রাস্তা দখল করে সীমানা প্রাচীর নির্মাণ ও টিউবওয়েল বসিয়ে সরকারি রাস্তা দখল করে বসবাস করে আসছে। এতে জনসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। বর্ষায় পানি আর কাদায় একাকার। গত ১৬ বছর রাস্তাটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে জানান স্থানীয়রা।
২০২৩ সালে ২৭ এপ্রিল বুড়িচং উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর সুরাহার জন্য আবেদন করে এখনো কোনো সুরাহা হয়নি ।
স্থানীয় মো. তাজুল ইসলাম ভূঁইয়া বলেন, রাস্তার দু'পাশে মুসলিমদের পাশাপাশি সনাতন ধর্মী বহুজনের বসবাসের কারণে কারোই যেন আগ্রহ তাতে। তিন দফা চেয়ারম্যানরা কর্মকাল সমাপ্ত করলেও শুধু আশ্বাসবাণীর মধ্যে বিষয়টি সীমাবদ্ধ রয়েছে।
তিনি আরো বলেন, কর্তৃপক্ষ বিষয়টি সরেজমিনে তদন্ত সাপেক্ষে সরকারি রাস্তা দখলদার উচ্ছেদ ও নকশা অনুযায়ী রাস্তাটির স্থায়ী মেরামত করে জনভোগান্তি দুর করার অনুরোধ করছি।
শংকুচাইল গ্রামের ইউপি সদস্য মো. মিজানুর রহমান আমার দেশকে বলেন, স্থানীয় কিছু মহল রাস্তাটি দখল করে রেখেছে । শিগগির প্রশাসনের সহায়তায় এগুলো উচ্ছেদ করে রাস্তার কাজ করা হবে। এই রাস্তার দু’পাশে শত শত পরিবার বসবাস করছে। দীর্ঘদিন ধরে তারা রাস্তার বেহাল দশায় অনেক দুর্ভোগ পোহাচ্ছে।
বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন আমার দেশকে বলেন, রাস্তাটি আমি পরিদর্শন করব। পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

