ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ভারত কোনো অবস্থাতেই চায় না ড. ইউনুস সরকার বাংলাদেশের গদিতে থাকুক। ভারত সরকার কোনোভাবেই তাকে মেনে নিতে পারে না। ইউনুস সরকার ভারতের গোলামী থেকে আমাদেরকে মুক্তি করার চেষ্টা করছে। ভারতের গোলামী থেকে বের হওয়ার হাজারো চেষ্টা তিনি চালাচ্ছেন।
শনিবার বিকেলে লক্ষ্মীপুর দক্ষিণ তেমুহনী এলাকায় ইসলামী আন্দোলনের জেলা কার্যালয়ে দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়জুল করীম এসব কথা বলেন।
প্রশিক্ষণ কর্মশালা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য লক্ষ্মীপুর- ১ (রামগঞ্জ) আসনে দলীয় প্রার্থী হিসেবে জেলা কমিটির সহ-সভাপতি জাকির হোসেন পাটওয়ারীর নাম ঘোষণা করেন তিনি।
ফয়জুল করিম বলেন, সেনাপ্রধানের রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা না করাই ভালো। সেনাপ্রধান তার দায়িত্ব পালন করাই উচিত। সেনাপ্রধানের দায়িত্ব হল দেশকে রক্ষা করা। দেশের রাজনীতি করা তার দায়িত্ব নয়। আমরা অনুরোধ করবো তিনি তার দায়িত্ব পালন করবেন। যা তার দায়িত্ব না, অনধিকার চর্চা তিনি করবেন না।
তিনি আরো বলনে, বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। তৎকালিন নির্বাচন কমিশন আশস্ত করেছিলেন নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবেন। তাদের কথায় আস্থা রেখে নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু তারা গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নূরুল করীম আকরাম, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মদ জয়নাল আবেদীন, জেলা কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন, সেক্রেটারি জহির উদ্দিন, প্রচার ও দাওয়া সম্পাদক মাহমুদুল হাসান, ইসলামী যুব আন্দোলনের জেলা শাখার সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক শোরাফ উদ্দিন স্বপন প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

