আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খুন ধর্ষণ আর চাঁদাবাজির মহোৎসবে জনজীবন অতিষ্ঠ: হামিদুর রহমান আযাদ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

খুন ধর্ষণ আর চাঁদাবাজির মহোৎসবে জনজীবন অতিষ্ঠ: হামিদুর রহমান আযাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশ বর্তমানে এক অরাজক পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছে। খুন, ধর্ষণ আর চাঁদাবাজির মহোৎসবে সাধারণ মানুষের জীবন আজ অতিষ্ঠ। সরকারের কার্যকর পদক্ষেপের অভাবে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমান সরকার খুন, ধর্ষণ ও চাঁদাবাজি বন্ধ করতে ব্যর্থ হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জামায়াতে ইসলামী মহেশখালী উপজেলা দক্ষিণ শাখা আয়োজিত তৃণমূল দায়িত্বশীলদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় গেলো এক সপ্তাহে ঘটে যাওয়া লোমহর্ষক অপরাধের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী, গত ১৫ দিনে দেশে অন্তত ৪০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে গত এক সপ্তাহে উল্লেখযোগ্য কিছু ঘটনার মধ্যে ২৮ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গায় জীবননগরে বিএনপি সন্ত্রাসীদের হামলায় জামায়াত কর্মী হাফিজুর রহমান নিহতের ঘটনা জনমনে ভয়ভীতি সৃষ্টি করেছে। পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনিকে নৃশংসভাবে হত্যার পর ধর্ষণের ঘটনা সারাদেশকে স্তব্ধ করে দিয়েছে। গাজীপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাইকে গলাটিপে হত্যার পর বনের ভেতর মাটিচাপা দেয়ার ঘটনা উদঘাটিত হয়েছে। রাজধানী ঢাকায় ২৮ ফেব্রুয়ারি কমলাপুর ও ডেমরা এলাকা থেকে এক যুবকের (ওবায়দুল্লাহ) দেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে, যা চরম নিরাপত্তাহীনতার প্রমাণ। গাইবান্ধায় গত দুই সপ্তাহে জেলায় ৫ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যার মধ্যে আইনজীবীর সহকারীও রয়েছেন। ফলে পুরো জেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণের পর শিশু হত্যা এবং নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে।

​ড. হামিদ আযাদ বলেন, শুধু হত্যা বা ধর্ষণ নয়, সারাদেশে এক শ্রেণির অসাধু চক্রের চাঁদাবাজিতে সাধারণ ব্যবসায়ীরা অতিষ্ট। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের হাট-বাজারেও পেশিশক্তির দাপটে চাঁদাবাজি চলছে। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা সামাজিক শৃঙ্খলা ভেঙে ফেলছে।

মহেশখালী উপজেলা দক্ষিণ জামায়াতের আমির মাস্টার শামিম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন দলটির জেলা কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসেন, কক্সবাজার শহর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি কামরুল হাসান, মহেশখালী উপজেলা সেক্রেটারি আব্দুর রহিম, পৌরসভা সভাপতি মোতাহের হোসেন, ছোট মহেশখালী ইউনিয়ন সভাপতি মো. সোহাইল, কুতুবজোম ইউনিয়ন সেক্রেটারি আবদুর রহমান প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন