চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় অবস্থিত ‘জাই ফ্যাশন’ নামের একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে নেমেছেন। আন্দোলন চলাকালে অন্তত ১০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
শ্রমিকদের অভিযোগ, গত ফেব্রুয়ারি মাস থেকে তারা বেতন পাচ্ছেন না। এরই মধ্যে কারখানা থেকে একাধিক শিপমেন্ট সম্পন্ন হলেও মালিকপক্ষ বেতন পরিশোধে গড়িমসি করছে। আসন্ন ঈদকে সামনে রেখে বকেয়া বেতন না পাওয়ায় শ্রমিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার সকালে কারখানার সামনে জড়ো হয়ে শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করেন। শ্রমিকরা জানান, মালিকপক্ষ ঈদের আগে আংশিক (অর্ধেক) বেতন দেওয়ার প্রস্তাব দিয়েছে, যা তারা প্রত্যাখ্যান করেছেন। তারা পুরো বকেয়া বেতন পরিশোধের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।
আন্দোলনের একপর্যায়ে হঠাৎ করে অন্তত ১০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
শ্রমিকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত তাদের দাবি পূরণ না করা হলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। এ বিষয়ে কারখানার মালিকপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রাম ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এসআই তাজুল ইসলাম জানান, সকাল থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। দুপুরে লেবার কোর্টের একজন প্রতিনিধি ও একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে বৈঠকে বসেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

