চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)'র এক নারী শিক্ষার্থীকে যাত্রীবাহী বাসে হেনস্তার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে যাত্রীরা। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
এঘটনায় আটক মো. জসিম উদ্দিন (৪০) ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা। মামলার বাদী ওই ছাত্রী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ভুক্তভোগী শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২ নম্বর গেইট এলাকা থেকে খাগড়াছড়িগামী একটি যাত্রীবাহী বাসে ওঠেন। বাসটি হাটহাজারী এলাকায় পৌঁছলে জসিম শিক্ষার্থীর সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে। এতে বাসের অন্য যাত্রীরা তাকে বাস থেকে নামিয়ে দেন। এতে ক্ষুব্ধ হয়ে সে বাসটির পিচু নেয়। পরে বাসটি ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট বাসস্টেশন পৌঁছালে পূর্বের ঘটনার জেরে শিক্ষার্থীর জামা ও চুল ধরে টানাহেঁচড়া করেন।
শিক্ষার্থীর চিৎকারে বাসের যাত্রী, চালক ও সহকারী এগিয়ে এসে তাকে আটক করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে ফটিকছড়ি থানা পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। রাতে ওই শিক্ষার্থী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।
ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

