রোহিঙ্গা ক্যাম্পে এক নারীর আত্মহত্যা, আহত ১

রোহিঙ্গা ক্যাম্পে এক নারীর আত্মহত্যা, আহত ১

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা নারী আত্মহত্যা করেছেন এবং এক ব্যক্তি সিএনজির ধাক্কায় আহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (১২ জুলাই) সকালে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্ট এলাকায় এসব ঘটনা ঘটে।

পারিবারিক কলহের জেরে রোহিঙ্গা নারী মুছানা (২২) কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটে শনিবার সকাল ১১টার দিকে ক্যাম্প-১ ওয়েস্টের বি-৪ ব্লকে। নিহত মুছানা ওই ব্লকের বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মুছানা স্বামী মো. উল্লাহর সঙ্গে অভিমান করে বিষপান করেন। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে একই দিন সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্প-১ ওয়েস্টের লাল ব্রিজ এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় জমির হোসেন নামে এক রোহিঙ্গা আহত হন। তিনি ক্যাম্প-৪-এর এ-৬ ব্লকের বাসিন্দা আহম্মেদ হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমির হোসেন ক্যাম্প-১ (ইস্ট) এলাকায় যাওয়ার পথে একটি সিএনজির সঙ্গে ধাক্কা খেয়ে চোখে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ব্র্যাক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করেছেন এক রোহিঙ্গা নারী। তার লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন সকালে সড়ক দুর্ঘটনায় এক রোহিঙ্গা আহত হয়। তিনি চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন