কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের কালিকৃষ্ণনগরে সরকারি গাছ কাটার অভিযোগে আবুল কাশেম মেম্বারের বিরুদ্ধে মামলা করেছে বন বিভাগ। তিনি কালিকৃষ্ণনগর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউপি সদস্য।
বন বিভাগ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর বিকেলে বাকশীমূল ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. রাশেদ মিনহাজের কাছে সরকারি গাছ কাটার খবর আসে। পরে তিনি কালিকৃষ্ণনগরে গিয়ে কাশেম মেম্বারের বাড়ির কাছে কয়েকটি কাটা গাছের গুঁড়ি দেখতে পান। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে কিছু কাঠের গুঁড়ি পুকুরে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
খবর পেয়ে বন বিভাগের কালিকৃষ্ণনগর সাব-বিটের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে যান। পরে স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রায় ১৫ ফুট লম্বা আটটি একাশি প্রজাতির গাছের গুঁড়ি উদ্ধার করে বন বিভাগ।
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত আবুল কাশেম মেম্বার বলেন, বন বিভাগের কর্তব্যরত গার্ডের কাছ থেকে মরা গাছ কাটার অনুমতি নিয়েই তিনি গাছগুলো কেটেছেন। দীর্ঘদিন গাছগুলো না কাটায় তার জমিতে চাষাবাদে ক্ষতি হচ্ছিল বলেও দাবি করেন তিনি।
কালিকৃষ্ণনগর এলাকার বন প্রহরী মো. শাহজাহান দৈনিক আমার দেশকে বলেন, আমি তিন দিনের ছুটিতে ছিলাম। ছুটি থেকে এসে দেখি গাছগুলো কেটে নিয়ে গেছে। পরে আমরা গাছগুলো আমাদের হেফাজতে নিয়ে আসি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আইনি প্রক্রিয়ায় যাওয়া হয়েছে।
কুমিল্লা রেঞ্জের বন কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম আমার দেশকে বলেন, এই ঘটনায় আজ (বুধবার) আমরা মামলা করেছি।
এআরবি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

