কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে বিশেষ অভিযানে চাঞ্চল্যকর একাধিক হত্যা মামলা ও অস্ত্র মামলার পলাতক আসামি আনসার উল্লাহকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এই যুবক তার ফেসবুক আইডিতে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করেছে। একই অভিযানে তার এক সহযোগীও গ্রেপ্তার হয়।
শনিবার বিকালে মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীল সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া দু’জন হলেন মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের পূর্ব আধার ঘোনার ছামিরাঘোনা এলাকার মো. ইসমাইলের ছেলে আনসার উল্লাহ ও তার সহযোগী কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতি পাড়ার আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৬)।
তিনি জানান, পুলিশ শুক্রবার রাতে কক্সবাজার শহরের গুমগাছতলা এলাকা থেকে আনসার উল্লাহ ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি আরো জানান, আনসার উল্লাহ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন- তিনি হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে।
পরে দেখানো মতে পূর্ব আধারঘোনার সালমা খাতুনের বসতবাড়ির ভাড়াটিয়া আনসার উল্লাহর (২৩) ভাড়া ঘরের ভেতর বক্সখাটের নিচ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, একটি এলজি ও দু’টি কাতুর্জ উদ্ধার করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

