কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, ‘যারা মাদক কারবার করেন, তারা আমার দলে (বিএনপি) থাকলে সরে যান। ইয়াবা ব্যবসায়ীরা আল্লাহর ওয়াস্তে দল থেকে সরে যান। আমি একটি নিখুঁত উখিয়া-টেকনাফ গড়তে চাই, দয়া করে আপনারা শুদ্ধ হয়ে যান।’
শুক্রবার সন্ধ্যায় টেকনাফে উপজেলা বিএনপি আয়োজিত শোকরানা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি।
ওই সময় জেলা বিএনপির বর্তমান সভাপতি শাহজাহান চৌধুরী এমপি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘নতুন-নতুন নেতৃত্ব আসবে, তারাই এ দল চালাবে। আমি না থাকলে মনে হয় দল চলবে না— এটা মনে করবেন না কেউ। অনেক নতুন নতুন নেতা আছে, যারা নেতৃত্ব দিলে আমাদের চেয়েও যোগ্য নেতৃত্ব দিতে পারবে। এখন যেসব সমস্যা আছে, সেগুলোর অবসান ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
বিএনপির ওই সমাবেশে টেকনাফ স্থলবন্দর প্রসঙ্গে শাহজাহান চৌধুরী বলেন, ‘সীমান্তের কালোবাজারি রোধ করার জন্য টেকনাফ বন্দর আমরা দিয়েছিলাম। যারা অতিরঞ্জিত করে এই বন্দরকে বন্ধ করার চেষ্টা করেছে তারা সেই চেষ্টা থেকে বিরত থাকেন। অচিরেই এই বন্দর ঘিরে বাণিজ্য স্বাভাবিক হবে, নতুন নতুন ব্যবসার সৃষ্টি হবে।’
ওই সভায় আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা। এতে সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকী। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
উখিয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) সেলিম সিরাজী বলেন, শাহজাহান চৌধুরীর বার্তা স্পষ্ট, বিএনপিতে মাদক কারবারিদের কোনো জায়গা নেই। উনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার ১৯৭৯ সালের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা একমাত্র ব্যক্তি, যিনি এবারের সংসদেও আছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

