ছেলেকে কোরআনে হাফেজ বানানোর স্বপ্ন ছিলো বাবার। তারপর আলেম হয়ে সমাজে আলো ছড়াবে। কিন্তু সোমবার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদনগর এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান হাবিব উল্লাহ ও তার শিশু সন্তান রিয়াদ।
কোরবানি ঈদের ছুটি শেষে ভোরে ছেলেকে নিয়ে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার উদ্দেশে রওনা দিয়েছিলেন বাবা হাবিব উল্লাহ। কিন্তু যাত্রাপথেই থেমে গেলো তার সেই স্বপ্ন।
একই ঘটনায় না ফেরার দেশে চলে গেছেন আরও একজন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিমঝিম বড়ুয়া। মাত্র কয়েকদিন পর, আগামী ৬ জুলাই ছিল তার বিয়ের দিন। সেই বিয়ের বাজার করতেই চট্টগ্রাম শহরে যাচ্ছিলেন কনে রিমঝিম, কিন্তু বিয়ের সাজে নয়—তাকে বাড়ি ফিরতে হলো রক্তাক্ত শাড়িতে, হাসপাতালের মর্গে।
নিহত হাবিব উল্লাহ কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের দক্ষিণ পাতলী এলাকার বাসিন্দা। আর শিশু রিয়াদ ছিল তার সবচেয়ে বড় গর্ব ও ভালোবাসার সন্তান।
রিমঝিম বড়ুয়া রামু উপজেলার পূর্ব রাজারকুল এলাকার হিমাংশু বড়ুয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, সকাল ৮টার দিকে চট্টগ্রামগামী পূরবী পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে উল্টে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন। আহত হন আরও অন্তত ৯ জন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রামু ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠান।
এদিকে রিমঝিম বড়ুয়ার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেমে আসে শোকের ছায়া। তার এক আত্মীয় ফেসবুকে লেখেন, "রক্তে লাল হয়ে মর্গে যেতে হলো তোমায়। লাল শাড়িতে তোকে দেখা হলো না... ওপারে ভালো থাকিস বোন।"
অন্যদিকে হাবিব উল্লাহ ও রিয়াদকে হারিয়ে বাকরুদ্ধ পিএমখালীর দক্ষিণ পাতলীর পরিবারটি। চোখের জলে ডুবে আছে পাড়াপড়শি। এক বৃদ্ধা বিলাপ করে বলছিলেন, "সবচেয়ে সুন্দর ফুলটা ঝরে গেলো... রিয়াদ তো কোরআন মুখস্থ করছিলো..."!
রামুর তুলাতলী ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের জানান, আহত আরও কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এছাড়াও নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

