হাজীগঞ্জে জাকির মজুমদারকে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

হাজীগঞ্জে জাকির মজুমদারকে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
জামায়াতে ইসলামী সমর্থিত মেয়র প্রার্থী জাকির মজুমদার

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিশিষ্ট সাংবাদিক, সংগঠক ও সমাজকর্মী জাকির মজুমদারকে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক সমর্থন দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হাসানাত। তিনি জানান, তৃণমূলের ভোটে প্রার্থী বাছাই এবং উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের অনুমোদনের ভিত্তিতে জাকির মজুমদারকে মেয়র পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জাকির মজুমদার হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকার বাসিন্দা। তিনি মোহাম্মদ জয়নাল আবেদীন ও জিনাত বেগম দম্পতির কনিষ্ঠ সন্তান এবং প্রয়াত সাবেক মেয়র ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদারের আত্মীয়।

সাংবাদিকতা পেশায় দীর্ঘদিন যুক্ত থাকা জাকির মজুমদার ঢাকায় বিভিন্ন জাতীয় দৈনিক ও বার্তা সংস্থায় কাজ করেছেন। তিনি হাজীগঞ্জ থেকে প্রকাশিত ‘মানবসমাজ’ পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদক ও প্রকাশক। পাশাপাশি জাতীয় গণমাধ্যমে নিয়মিত কলাম লেখার পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

তিনি একজন সংগঠক হিসেবেও পরিচিত। হাজীগঞ্জ প্রেস ক্লাব, বাংলাদেশ মানবাধিকার কমিশনের স্থানীয় শাখা, হাজীগঞ্জ সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ এবং ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতাদের একজন তিনি। এছাড়া বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন।

মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার প্রতিক্রিয়ায় জাকির মজুমদার বলেন, “প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। শুধু দলের নয়, হাজীগঞ্জ পৌরবাসীর সবার দোয়া ও সমর্থন চাই।”

তিনি আরও বলেন, “জনগণের সমর্থন পেলে হাজীগঞ্জ পৌরসভাকে ন্যায় ও ইনসাফের প্রতীক হিসেবে গড়ে তুলতে চাই। মানুষের মর্যাদা রক্ষা এবং জনসেবাকে অগ্রাধিকার দিয়ে একটি মডেল পৌরসভা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করব।”

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে প্রার্থীকে ঘিরে সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন