চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার গ্রামীণ সড়ক ব্যবস্থা ভেঙে পড়েছে । দীর্ঘদিনেও সংস্কার করা হচ্ছে না সড়ক ব্যবস্থা । এতে করে যাতায়াতে দুর্ভোগে পড়েছেন মানুষ।
জানা গেছে, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সড়কের বিভিন্ন স্থানে কার্পেট, ইটের অংশ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে যাত্রী ও যানবাহন চালকদের। এসব সড়ক দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন গ্রামের বাসিন্দাদের পাশাপাশি পথচারী ও যাত্রীরা। উপজেলার ১৫টি ইউনিয়ন এবং পৌরসভার সচেতন লোকজন অভিযোগে জানান, উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের খুবই নাজুক অবস্থা বিরাজ করছে। ওসব সড়ক দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। গত শুক্রবার কোদালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামছড়ি গ্রামের শতাধিক মানুষ অভিযোগ করেন। তারা বলেন, এখানে দীর্ঘদিনেও কোনো সড়ক পাকাকরণ হয়নি। নেতা আসে, নেতা যায়, নির্বাচন শেষে নেতাদের আর কোনো দেখা মিলে না। বর্ষার সময়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। চন্দ্রঘোনা ইউনিয়নের চৌধুরী গুট্টা, মহাজন বট্টল, ফেরিঘাট সড়কসহ ৮০ শতাংশ সড়ক পথ অকেজো হয়ে পড়েছে। উত্তর রাঙ্গুনিয়ার সাতটি ইউনিয়নের লোকজন বলেন, গ্রামের
মফস্বলের অধিকাংশ ক্ষুদ্র সড়কগুলোর ইটগুলো উঠে যাওয়ায় সাধারণ লোকজন চলাফেরা করা যাচ্ছে না। দক্ষিণ রাঙ্গুনিয়ার চারটি ইউনিয়নের লোকজন বলেন, যেসব গ্রামীণ সড়কগুলো ভাঙা, এখন কোনোরকম চলাচল করা যাচ্ছে কিন্তু বর্ষায় চলাচল করা যাবে না। এ উপজেলার কাপ্তাই, চট্টগ্রাম সড়ক রাঙ্গুনিয়া অংশ এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন পরিবহনের মাধ্যমে চলাচল করে থাকে। তবে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কের বেশ স্থানে কার্পেট উঠে গিয়ে গর্ত তৈরি হয়েছে। এতে যানবাহন চলাচল ধীরগতির পাশাপাশি প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। যাত্রীরা জানান, সড়কের বিভিন্ন স্থানে হঠাৎ বড় বড় গর্ত হওয়ায় প্রায়ই যানবাহন নিয়ন্ত্রণ হারানোর পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে রাতের সময় চলাচল আরো বিপজ্জনক হয়ে ওঠে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে।
স্থানীয়রা বলেন, সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এ সড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পাবে। এ অবস্থায় দ্রুত সংস্কার করা না হলে আরো দুর্ঘটনা বৃদ্ধি পাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কগুলো সংস্কারের দাবি জানিয়েছেন যাত্রী ও স্থানীয়রা।
সম্পাদনা/ বুলবুল
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

