রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পর্যটনকেন্দ্র সাজেকে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে এসে খাগড়াছড়িতে আটকা পড়ে চরম ভোগান্তির মুখে পড়েছেন শত শত পর্যটক।
সাজেক থেকে জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র গ্রুপের সদস্যদের অপসারণের দাবিতে শনিবার সাজেক কারবারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি এ অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়।
সাজেক কারবারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবন চাকমা এক বিবৃতিতে এই অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেন।
অবরোধের খবরের কারণে ঢাকাসহ দেশের সমতলের নানা জেলা থেকে নৈশকোচ ও অন্যান্য পরিবহনে খাগড়াছড়ি এসে পৌঁছানো বিপুলসংখ্যক পর্যটক আটকা পড়েছেন। সাজেকে যাওয়ার সকালের নির্ধারিত ট্রিপ বা স্লট বাতিল হওয়ায় অনেকেই ব্যাগ-ব্যাগেজ নিয়ে রাস্তার ওপর অপেক্ষা করছেন। আবার কেউ কেউ বিকল্প হিসেবে বাধ্য হয়ে খাগড়াছড়ির স্থানীয় দর্শনীয় স্থানগুলো ঘুরে সময় কাটাচ্ছেন। নারী ও শিশুদের নিয়ে আসা পরিবারগুলো পড়েছে সবচেয়ে বেশি বিপাকে। পরিস্থিতি সামাল দিতে বাড়তি টাকা খরচ করে অনেকে খাগড়াছড়ির বিভিন্ন হোটেল-মোটেল ও রেস্টহাউসে সাময়িক আশ্রয় নিয়েছেন।
পরিস্থিতি মোকাবিলায় উদ্যোগের কথা জানিয়ে খাগড়াছড়ি সড়ক পরিবহন জিপ মালিক সমিতি ও যানবাহন কল্যাণ সমিতির সাজেক কাউন্টারের লাইনম্যান মো. আরিফ জানান, আটকে পড়া পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে দুপুর ১২টার দিকে বিশেষ নিরাপত্তাবেষ্টনী বা প্রহরার মাধ্যমে খাগড়াছড়ি থেকে তাদের সাজেকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

