মেয়ের জন্য পাত্র ও বাড়িঘর দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় পিতার মৃত্যু হয়েছে।
বুধবার বিকেলে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের লাইফ জেনারেল হাসপাতাল এলাকায় এই ঘটনা ঘটে।
মৃত দেলোয়ার হোসেন (৫৫) উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা গ্রামের আলী রাজা হাজী বাড়ির (গাইনের বাড়ি) মরহুম আব্দুল লতিফের ছেলে।
জানা গেছে, প্রবাস জীবন শেষে গত কয়েক বছর পূর্বে দেশে এসে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করা দেলোয়ার হোসেন তার বিবাহযোগ্য বড় মেয়ের জন্য বুধবার দুপুরে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের নয়াহাট এলাকায় পাত্রের বাড়িঘর দেখতে যান। ভাগ্নে সোহেল হোসেনের মোটরসাইকেল যোগে বিকেলে বাড়ি ফেরার পথে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের লাইফ জেনারেল হাসপাতাল এলাকায় বালুবাহী ট্রাকের ধাক্কায় পড়ে গিয়ে মারাত্মক আহত হন। ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। আহতাবস্থা দেলোয়ার হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. ওমর ফারুক। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

