চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে মিয়ানমারে পাচারকালে ৭৫০ বস্তা সিমেন্টসহ একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৭৫০ বস্তা (৩৭ হাজার ৫০০ কেজি) সিমেন্টসহ বোটটি জব্দ করা হয় এবং এর সঙ্গে জড়িত দুই পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত বোট ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দেশের সীমান্ত ও সমুদ্রপথে চোরাচালান রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

