লালমাইয়ে রেলগেট থেকে ট্রাকচালকের লাশ উদ্ধার, আটক ৩

লালমাইয়ে রেলগেট থেকে ট্রাকচালকের লাশ উদ্ধার, আটক ৩
লালমাই থানা

কুমিল্লার লালমাইয়ে ঢাকা-চট্টগ্রাম রেলপথের হরিশ্চর রেলগেট এলাকা থেকে আবদুর রশিদ (৩৫) নামে এক ট্রাকচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতের ঘনিষ্ঠ তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার হরিশ্চর রেলগেট এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় লাশ উদ্ধার করা হয়।

নিহত আবদুর রশিদ উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আবুল কালামের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন—পেরুল উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আলী আক্কাছের ছেলে মহিন উদ্দিন (৩৪), উৎসবপদুয়া গ্রামের রৌশন আলীর ছেলে মো. রাকিব (২৫) এবং মেঘনা উপজেলার সাতানি শিবনগর গ্রামের মনির হোসেনের ছেলে আল আমিন (৩৬)।

লালমাই থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল ফারুক জানান, খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে আবদুর রশিদের লাশ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। লাশের মাথার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে।

লালমাই থানার ওসি মিজানুর রহমান আমার দেশকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের ঘনিষ্ঠ তিনজনকে স্থানীয়রা গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...